উত্তরাঞ্চলে শীতের আগমনী বার্তা স্পষ্ট হতে শুরু করেছে। গত এক সপ্তাহ ধরে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার বিভিন্ন এলাকায় ভোরবেলা কুয়াশার চাদর দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কোনো কোনো দিন ভোরের দিকে কুয়াশা এতটাই ঘন থাকে যে সড়কে চলাচলেও সতর্কতা প্রয়োজন হয়; হাইওয়ে ও আঞ্চলিক সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে গাড়ি চালাতে হচ্ছে চালকদের। দিনের বেলায় রোদের তাপে কিছুটা স্বস্তি থাকলেও রাত নামলেই অনুভূত হচ্ছে হালকা ঠান্ডা। ঋতু বদলের এই সময়টাতেই বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ।
পরিবর্তিত আবহাওয়ার প্রভাব পড়েছে জনস্বাস্থ্যে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান জানিয়েছেন, গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮২ জন রোগী। জ্বর, কাশি ও শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে প্রতিদিনই রোগী আসছেন হাসপাতালগুলোতে।

একই হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. তানভীর আহমদ বলেন, আবহাওয়া বদলের এই সময়ে চিকিৎসা নিতে আসা শিশুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। অনেক শিশু জ্বর ও নিউমোনিয়ায় ভুগছে। তাই শিশুদের ঠান্ডা থেকে বাঁচাতে অভিভাবকদের যথাযথ যত্ন ও প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। চিকিৎসকদের মতে, দিন ও রাতের তাপমাত্রার হঠাৎ ওঠানামা শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়; বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই সময়ে বাড়তি সাবধানতা জরুরি।
রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানিয়েছেন, দিন-রাতের তাপমাত্রার পার্থক্য ও আবহাওয়ার এই ওঠানামা আরও কিছুদিন থাকতে পারে। আগামী ১৫ দিনের মধ্যে রংপুর অঞ্চলের কিছু এলাকায় হালকা ঠান্ডা পড়তে পারে, এমনকি মৃদু শৈত্যপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে।
এদিকে রংপুর বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তাপমাত্রা কমতে শুরু করলে দরিদ্র, গৃহহীন ও ঝুঁকিপূর্ণ মানুষের মাঝে বিতরণের জন্য বিভাগের প্রতিটি উপজেলায় পর্যাপ্ত শীতবস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ—ভোর ও রাতে শিশুদের গরম কাপড় পরিয়ে রাখুন, ঠান্ডা পানি ও ধুলাবালি এড়িয়ে চলুন এবং শ্বাসকষ্ট বা দীর্ঘদিনের জ্বর দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যান।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।