দক্ষ জনশক্তি রপ্তানি, নতুন শ্রমবাজার খোঁজা ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে নিয়ম ৭১-এর নোটিশে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব তথ্য জানান।

রেমিট্যান্সের চিত্র
মন্ত্রী জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৭৯ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের ২৬ দশমিক ৭০ বিলিয়ন ডলারের চেয়ে প্রায় ৪ দশমিক ১ বিলিয়ন ডলার বেশি। কর্মী যাওয়া কিছুটা কমলেও রেমিট্যান্স বেড়েছে। সিঙ্গাপুরের শ্রমবাজারে কর্মী যাওয়া বেড়েছে ৬২ শতাংশ, জাপানে ৫৩ দশমিক ৫ শতাংশ। মাল্টা, সার্বিয়া, বেলারুশ ও মলদোভায় নতুন করে কর্মী যাওয়া শুরু হয়েছে।
নতুন বাজার ও বিনা খরচে মালয়েশিয়া
প্রধানমন্ত্রীর সফরের পর মালয়েশিয়ার বাজার আবার খুলেছে; সেখানে বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। বোয়েসেলের মাধ্যমে ৫৬৮টি চাহিদার বিপরীতে ১২০টি পদের জন্য ৪০৯ জন আবেদন করেন, লটারিতে ৩০০ জনকে বাছাই করা হয়েছে। ২০১৮ সাল থেকে বন্ধ বাহরাইনের বাজার খোলার চেষ্টা চলছে। কাতারের সঙ্গে যৌথ কমিটির বৈঠকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডারের চাহিদার কথা জানা গেছে; পাঁচটি টিটিসিতে এসব ট্রেডে প্রশিক্ষণ চলছে।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে মৌসুমি কর্মীসহ দুটি সমঝোতা সই হয়েছে। জাপান সেলের লক্ষ্য পাঁচ বছরে এক লাখ দক্ষ কর্মী পাঠানো। ১৪টি দেশের কাছে সমঝোতার খসড়া পাঠানো হয়েছে। বিএমইটির ১০৪টি টিটিসি ও ছয়টি মেরিন ইনস্টিটিউটে ৫৫টি ট্রেডে এবং আটটি বিদেশি ভাষায় প্রশিক্ষণ চলছে; এ বছরের অক্টোবর পর্যন্ত ১৪ হাজার ৫০৪ জন ভাষা প্রশিক্ষণ নিয়েছেন। মরিশাসে এ বছর গেছেন ২ হাজার ৯৯১ জন কর্মী।
এই পরিকল্পনার মূল লক্ষ্য দক্ষ জনশক্তি রপ্তানি বাড়ানো ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করা।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।