ডিজিটাল লেনদেনে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। দেশের সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ডিজিটাল নেটওয়ার্কে যুক্ত করতে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ বা আইআইপিএস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের জুলাইয়ে (২০২৭) এই প্ল্যাটফর্ম চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
আইআইপিএস চালু হলে একটি ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের গ্রাহককে কিংবা ব্যাংক হিসাব থেকে সরাসরি মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক টাকা পাঠাতে পারবেন। ব্যক্তি থেকে ব্যক্তিতে টাকা পাঠানো, ব্যবসায়িক লেনদেন, দোকানে মূল্য পরিশোধ এবং সরকারি অর্থ বিতরণ — সবই করা যাবে একই প্ল্যাটফর্মে। গ্রাহকদের আর নিজ নিজ প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না।
প্ল্যাটফর্মটি তৈরি হবে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কারিগরি সহায়তায়। এ জন্য ফাউন্ডেশনের ‘মোজালোফ’ উদ্যোগের আওতায় তৈরি উন্মুক্ত (ওপেন সোর্স) সফটওয়্যার ব্যবহার করা হবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় আনাই আইআইপিএসের মূল উদ্দেশ্য।
বর্তমানে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ২০১২ সাল থেকে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে এটিএম, পিওএস ও ইন্টারনেট ব্যাংকিংয়ে আন্তঃব্যাংক লেনদেনের সুযোগ দিলেও সব ধরনের প্রতিষ্ঠানকে একই নেটওয়ার্কে যুক্ত করা সম্ভব হয়নি। বিশেষ করে এমএফএস ও ব্যাংকবহির্ভূত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পূর্ণাঙ্গ আন্তঃসংযোগ গড়ে ওঠেনি।
সংশ্লিষ্টরা বলছেন, অনুমোদিত আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্কের সঙ্গে আইআইপিএস যুক্ত করা গেলে প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত ও কম খরচে উপকারভোগীর ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে পৌঁছানো সম্ভব হবে। তবে প্ল্যাটফর্মটির সফল বাস্তবায়ন নির্ভর করবে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ, প্রযুক্তির নির্ভরযোগ্যতা, লেনদেনের নিরাপত্তা ও সাশ্রয়ী মাশুলের ওপর।
বর্তমানে এমএফএস সেবাদাতারা নিজেদের নেটওয়ার্কে দ্রুত লেনদেনের সুবিধা দিলেও অন্য ব্যাংক বা অন্য ওয়ালেটে টাকা পাঠাতে গ্রাহকদের নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। আইআইপিএস সেই সীমাবদ্ধতা দূর করার কথা বলছে। ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে কারিগরি মূল্যায়ন শুরু করেছে এবং এ বিষয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের একটি গবেষণাও চলমান রয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।