কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লেগেছে। এনসিপি নেতাদের অভিযোগ, বুধবার মধ্যরাতের পর দুর্বৃত্তরা বাড়িটিতে পেট্রল বোমা নিক্ষেপ করে। আগুনে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে এবং দুটি ছাগল পুড়ে মারা গেছে।
এনসিপির যুব ও কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াহিদুজ্জামান জানান, মধ্যরাতের কিছু পর মোটরসাইকেলে করে এসে হামলাকারীরা সড়ক থেকে পরপর চারটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এর দুটি পড়ে টিনের চালে, একটি গবাদিপশুর শেডে এবং আরেকটি উঠানে। আগুন ছড়িয়ে পড়লে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওয়াহিদুজ্জামানের দাবি, হামলার সময় বাড়িতে এমপির মা-বাবা, চাচাতো ভাইবোন ও দুই ভাবিসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন এবং তাঁরা কম-বেশি আহত হয়েছেন। তবে পুলিশের ভাষ্য ভিন্ন। ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, এমপির মা-বাবা বাড়ি থেকে ১০-১৫ গজ দূরে আলাদা একটি তিনতলা ভবনের দোতলায় থাকেন; সেই ভবনে আগুনের কোনো ক্ষতি হয়নি এবং পরিবারের কেউ দগ্ধ হননি।
এনসিপির মিডিয়া সেল ফেসবুক পোস্টে অভিযোগ করেছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরাই এই পেট্রল বোমা হামলা চালিয়েছে। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ফেসবুক পোস্টে একই অভিযোগ তুলেছেন। ঘটনার খবর পেয়ে রাত ২টার দিকে এমপি নুসরাত তাবাসসুম ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন।
তবে হামলায় পেট্রল বোমা ব্যবহার করা হয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, আগুন লাগার কারণ এখনো নির্ধারণ করা যায়নি; তদন্তের পরই জানা যাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল। উল্লেখ্য, নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক ও দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদে তিনি সংরক্ষিত নারী আসনের এমপি।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।