খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্গম এলাকার দরিদ্র পাহাড়ি শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ নভেম্বর মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন দরিদ্র পাহাড়ি ছাত্র-ছাত্রীর হাতে একাদশ শ্রেণির সম্পূর্ণ নতুন বইয়ের সেট ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাসামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান। এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বই বিতরণ শেষে জোন অধিনায়ক বলেন, পাহাড়ি অঞ্চলের শিক্ষার হার বাড়ানো এবং আর্থিক অনটনে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়ে যায়—সে লক্ষ্যেই মাটিরাঙ্গা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দূরবর্তী ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পাহাড়ি এলাকায় অনেক দরিদ্র পরিবারের শিক্ষার্থী বই ও শিক্ষাসামগ্রী কেনার সামর্থ্য না থাকায় পড়াশোনায় পিছিয়ে পড়ে। বিশেষ করে একাদশ শ্রেণিতে ভর্তির পর নতুন বইয়ের পুরো সেট কিনতে গিয়ে অনেক পরিবারকেই হিমশিম খেতে হয়। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন স্থানীয় শিক্ষক ও অভিভাবকেরা।
বই পেয়ে আনন্দ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাঁরা জানান, নতুন বইয়ের পুরো সেট হাতে পাওয়ায় এবার পড়াশোনায় মনোযোগ দেওয়া অনেক সহজ হবে। আগে অনেক সময় পুরোনো কিংবা অন্যের ধার করা বই দিয়ে পড়তে হতো, যা পড়াশোনাকে ব্যাহত করত।
উল্লেখ্য, পাহাড়ি অঞ্চলে শিক্ষা বিস্তারে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি এসব কর্মসূচির মাধ্যমে দুর্গম এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করা হয়। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে এবং উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে সহায়ক হবে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।