শিক্ষাব্যবস্থাকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আধুনিক করা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সহজলভ্য করা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলার দাবি জানিয়েছেন দেশের তরুণরা। তাঁদের মতে, ডিজিটাল বৈষম্য দূর করে শহর ও গ্রামের শিক্ষার্থীদের জন্য সমান প্রযুক্তিগত সুযোগ নিশ্চিত করতে হবে। শুধু প্রযুক্তির ব্যবহার নয়, প্রয়োজন শিক্ষায় এর কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক প্রয়োগ। তরুণ প্রতিনিধিদের মতে, প্রযুক্তিগত দক্ষতা ছাড়া ভবিষ্যৎ কর্মবাজারে টিকে থাকা কঠিন হবে; তাই পাঠ্যক্রমে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক শিক্ষা অন্তর্ভুক্ত করা জরুরি।

এমন প্রত্যাশা নিয়ে ৪০ জেলার তরুণদের মতামতের ভিত্তিতে তৈরি হয়েছে ‘তারুণ্যের ইশতেহার ২০২৬’। এতে প্রযুক্তিবান্ধব শিক্ষাব্যবস্থা, এআই ব্যবহারের সুযোগ, কারিগরি শিক্ষার আধুনিকায়ন এবং কর্মক্ষেত্রের সঙ্গে শিক্ষার সংযোগসহ ১১ দফা দাবি তুলে ধরা হয়েছে। ইশতেহারে স্বাক্ষর করেছেন তিন হাজারের বেশি তরুণ। বুধবার ঢাকার বাংলা একাডেমিতে পলিসি সামিট ২০২৬-এর দ্বিতীয় দিনে প্রতীকী সংসদ অধিবেশনে তরুণ প্রতিনিধিরা এসব দাবি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যদের কাছে উপস্থাপন করেন। আয়োজনটি করে আইআইডি ও ইয়ুথ ফর পলিসি।

আয়োজকদের জরিপে দেখা গেছে, ৭৬ শতাংশ তরুণ গ্রাম ও শহরের সবার জন্য নিজেদের ভাষায় সাশ্রয়ী এআই ব্যবহারের সুযোগ নিশ্চিত করার পক্ষে মত দিয়েছেন। পাশাপাশি কারিগরি শিক্ষার আধুনিকায়ন, যোগ্য শিক্ষক নিশ্চিত করা, প্রমাণভিত্তিক শিক্ষা বাজেট এবং কর্মবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা। ইশতেহারের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নির্যাতন ও শারীরিক-মানসিক শাস্তি বন্ধ, বাল্যবিবাহ রোধ এবং শিক্ষায় বৈষম্য দূর করা।

তরুণদের এই দাবিতে স্পষ্ট বার্তা—ভবিষ্যতের শিক্ষাব্যবস্থায় প্রযুক্তি আর অতিরিক্ত সুবিধা নয়, বরং সমান সুযোগ, দক্ষতা ও কর্মসংস্থান তৈরির অন্যতম ভিত্তি। নীতিনির্ধারকদের সামনে তরুণ প্রজন্মের প্রত্যাশা সরাসরি তুলে ধরতেই প্রতীকী সংসদ অধিবেশনের এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকেরা। এখন দেখার বিষয়, ইশতেহারের দাবিগুলো নীতিনির্ধারণী পর্যায়ে কতটা প্রতিফলিত হয়।