নতুন জেমস বন্ড হচ্ছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন। সোমবার অ্যামাজন এমজিএম স্টুডিওস ঘোষণা দিয়েছে, তিনিই হচ্ছেন পরের ০০৭। ড্যানিয়েল ক্রেগের পর তিনিই প্রথম এই চরিত্রে আসছেন।
ছবি: ২০২৫ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে রবার্ট প্যাটিনসন।
নতুন বন্ড ছবিটি পরিচালনা করবেন দেনি ভিলন্যভ। চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট। ছবিটির প্রযোজক অ্যামি পাসকাল ও ডেভিড হেইম্যান। ছবিটির মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।
এটিই হবে অ্যামাজন এমজিএমের অধীনে প্রথম বন্ড ছবি। ২০২৫ সালে অ্যামাজন এমজিএম দীর্ঘদিনের স্বত্বাধিকারী মাইকেল উইলসন ও বারবারা ব্রকলির সঙ্গে যৌথ উদ্যোগে ফ্র্যাঞ্চাইজির সৃজনশীল নিয়ন্ত্রণ নিয়েছিল।
প্যাটিনসনের বয়স ৪০ বছর। ২০২৬ সালে তাঁর তিনটি ছবি এসেছে — দ্য ওডিসি, দ্য ড্রামা ও প্রাইমটাইম। ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ভিলন্যভের পরিচালনায় ডিউন: পার্ট থ্রি, সেখানেও আছেন তিনি।
এর আগে গত মাসে লন্ডনে স্ক্রিন টেস্ট দিয়েছিলেন প্যাটিনসন। তাঁর সঙ্গে পরীক্ষা দিয়েছিলেন ক্যালাম টার্নার, জ্যাক লাউডেন ও জশ ও’কনর। প্যাটিনসনকে নিয়ে আলোচনা তখন থেকেই জোরালো হয়েছিল।
২০১২ সালে এক সাক্ষাৎকারে প্যাটিনসন বলেছিলেন, জেমস বন্ডের চরিত্রে অভিনয় করতে তিনি আগ্রহী — তবে ‘২০ বছর পর’। ১৪ বছর পর সেই চরিত্রটি এখন তাঁর হাতে এলো।
ড্যানিয়েল ক্রেগ ২০২১ সালের নো টাইম টু ডাই ছবির পর বন্ডের চরিত্র ছেড়েছিলেন। এরপর থেকেই পরের বন্ড কে হবেন, তা নিয়ে আলোচনা চলছিল।
সূত্র: রয়টার্স, ১৬ নভেম্বর ২০২৬
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।