চীনের অর্থনীতিতে অক্টোবর মাসে ধীরগতি দেখা গেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, অক্টোবরে শিল্পোৎপাদন আগের বছরের একই মাসের তুলনায় বেড়েছে মাত্র ৪ দশমিক ৯ শতাংশ। সেপ্টেম্বরে এই হার ছিল ৬ দশমিক ৫ শতাংশ। এটি ২০২৪ সালের আগস্টের পর সর্বনিম্ন, আর অর্থনীতিবিদরা ৫ দশমিক ৫ শতাংশ আশা করেছিলেন।

উৎপাদন খাতে ধীরগতি আরও স্পষ্ট। কারখানাভিত্তিক উৎপাদন ৭ দশমিক ৩ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৯ শতাংশে নেমেছে, আর খনিজ খাতে প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ থেকে কমে ৪ দশমিক ৫ শতাংশ হয়েছে। অক্টোবরের শুরুতে গোল্ডেন উইক ছুটির কারণে উৎপাদন কমেছে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

খুচরা বিক্রিও ধীর। অক্টোবরে খুচরা বিক্রি হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৯০০ কোটি ইউয়ান, আগের বছরের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেশি। সেপ্টেম্বরে খুচরা বিক্রি বেড়েছিল মাত্র ১ দশমিক ১ শতাংশ। বিনিয়োগেও দুর্বলতা আছে — জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত স্থায়ী সম্পদে বিনিয়োগ আগের বছরের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ কমেছে, যা ২০২০ সালের পর সবচেয়ে বড় পতন।

অক্টোবরে ভোক্তা মূল্যসূচক বেড়েছে ০ দশমিক ৭ শতাংশ। আর উৎপাদন খাতের ক্রয় ব্যবস্থাপক সূচক বা পিএমআই অক্টোবরে ৫০ দশমিক ১ থেকে কমে ৪৯ দশমিক ৩ হয়েছে — ৫০-এর নিচে মানে খাতটি সংকোচনে আছে। সেবা ও নির্মাণ খাতের সূচকও ৪৯ দশমিক ৭-এ নেমেছে। তবে উন্নত প্রযুক্তির কারখানাগুলো এখনো সম্প্রসারণে আছে, তাদের পিএমআই ৫১ দশমিক ৩।

এর আগে তৃতীয় প্রান্তিকের হিসাবে চীনের অর্থনীতি বছরে ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছিল। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শিল্পোৎপাদন বেড়েছিল ৫ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ উৎপাদন এখনো চলছে, কিন্তু ভোক্তা চাহিদা ও বিনিয়োগ দুর্বল — এটাই এখন চীনের অর্থনীতির বড় চ্যালেঞ্জ।

সূত্র: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো — ; চায়না ইকোনমিক নেট