চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে (রাজস্ব শাখা) ৭ ক্যাটাগরিতে ২৭ পদে নিয়োগের আবেদন চলছে। অনলাইনে আবেদন শুরু হয়েছে গত ২৮ অক্টোবর, শেষ হবে আগামী ২১ নভেম্বর বিকেল ৫টায়। দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এই নিয়োগ দেওয়া হবে। এসএসসি পাস প্রার্থীরা অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে আবেদন করতে পারবেন।

প্রথম বিজ্ঞপ্তিতে (স্মারক ৮৭৯) ১৬তম গ্রেডে ৫ ক্যাটাগরিতে ১১ জন নেওয়া হবে। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২ জন, সার্টিফিকেট পেশকার পদে ২ জন, সার্টিফিকেট সহকারী পদে ৩ জন, ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী পদে ৩ জন এবং মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। এই পদগুলোর বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।

বিজ্ঞাপন

এই পাঁচ পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সঙ্গে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। নিয়োগ বিধিমালার তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হবে।

দ্বিতীয় বিজ্ঞপ্তিতে (স্মারক ৮৮০) ২০তম গ্রেডে ২ ক্যাটাগরিতে ১৬ জন নেওয়া হবে। অফিস সহায়ক পদে ১৫ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। এই পদগুলোর বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।

এই দুই পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিয়োগ বিধিমালার তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। গত ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি পদভেদে ভিন্ন। ১৬তম গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা জমা দিতে হবে। ২০তম গ্রেডের পদের জন্য ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ফি ৫৬ টাকা। আবেদনপত্র জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

আবেদন করতে হবে শুধু অনলাইনে, dcchuadanga.teletalk.com.bd-তে গিয়ে। প্রথম ধাপে ওয়েবসাইটে ঢুকে বিজ্ঞপ্তির তালিকা থেকে নিজের বিজ্ঞপ্তিটি বেছে নিতে হবে। তালিকায় ৮৭৯ ও ৮৮০ নম্বরের দুটি বিজ্ঞপ্তি দেখা যাবে। পছন্দের বিজ্ঞপ্তির পাশের বোতামে ক্লিক করে Next চাপতে হবে।

দ্বিতীয় ধাপে ওই বিজ্ঞপ্তির পদের তালিকা দেখা যাবে। নিজের যোগ্যতা অনুযায়ী পদটি বেছে নিয়ে আবেদন বোতামে ক্লিক করতে হবে। একজন প্রার্থী শুধু একটি পদেই আবেদন করতে পারবেন।

তৃতীয় ধাপে আবেদন ফরমটি যত্ন করে পূরণ করতে হবে। নাম, পিতা-মাতার নাম, জন্মতারিখ, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য ঠিকভাবে লিখতে হবে। আবেদন ফরমে দেওয়া তথ্যই পরবর্তী সব কাজে ব্যবহার হবে, তাই জমা দেওয়ার আগে সব তথ্য মিলিয়ে দেখতে হবে।

চতুর্থ ধাপে ফরমের বাকি অংশ পূরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার ঘরগুলোতে পরীক্ষা, বোর্ড, রোল, ফলাফল ও পাসের বছর লিখতে হবে। চাকরির অভিজ্ঞতা থাকলে তা-ও লিখতে হবে। এরপর যাচাই কোডটি (ক্যাপচা) পূরণ করে ঘোষণায় টিক দিয়ে Submit বোতামে ক্লিক করতে হবে। ছবি ও স্বাক্ষর আগেই তৈরি রাখতে হবে: রঙিন ছবি ৩০০ বাই ৩০০ পিক্সেল (সর্বোচ্চ ১০০ কিলোবাইট) ও স্বাক্ষর ৩০০ বাই ৮০ পিক্সেল (সর্বোচ্চ ৬০ কিলোবাইট)।

পঞ্চম ধাপে ফি জমা দিতে হবে। Submit করার পর কম্পিউটারের স্ক্রিনে একটি User ID দেখা যাবে। ওই User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ১৬২২২ নম্বরে প্রথম SMS পাঠাতে হবে: DCCHUADANGA লিখে একটি স্পেস দিয়ে User ID। ফিরতি SMS-এ একটি PIN নম্বর আসবে। এরপর দ্বিতীয় SMS পাঠাতে হবে: DCCHUADANGA লিখে স্পেস দিয়ে YES, স্পেস দিয়ে PIN নম্বর। ফি জমা হলে User ID ও পাসওয়ার্ড পাওয়া যাবে, যা প্রবেশপত্র ডাউনলোডের সময় লাগবে।

নিয়োগের জন্য লিখিত পরীক্ষা, কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষা ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। শুধু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই পরের ধাপে ডাক পাবেন। মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, চুয়াডাঙ্গার স্থায়ী বাসিন্দার সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে নিতে হবে। প্রবেশপত্র সংক্রান্ত নোটিশ dcchuadanga.teletalk.com.bd ও চুয়াডাঙ্গা জেলার ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে ফোন করে যোগাযোগ করা যাবে।

সূত্র: জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গা, ১৯ অক্টোবর ২০২৬