ঢাকার কর অঞ্চল-১৪-তে ছয় ক্যাটাগরিতে ৪৯ পদে নিয়োগের আবেদন শুরু হয়েছে আজ। অনলাইনে আবেদন শুরু হয়েছে আজ ২২ নভেম্বর সকাল ১০টায়, শেষ হবে ১৩ ডিসেম্বর বিকেল ৫টায়। শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। এসএসসি পাস প্রার্থীরা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন।

সবচেয়ে বেশি পদ সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ১৫টি। এরপর অফিস সহায়ক পদে ১১টি, অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৯টি, প্রধান সহকারী পদে ৮টি, উচ্চমান সহকারী পদে ৫টি ও কম্পিউটার অপারেটর পদে ১টি পদ রয়েছে। কম্পিউটার অপারেটর ও প্রধান সহকারী পদ দুটি গ্রেড-১৩-এর, বেতন স্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা। উচ্চমান সহকারী ও সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদ দুটি গ্রেড-১৪-এর, বেতন স্কেল ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা। অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটি গ্রেড-১৬-এর, বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা। অফিস সহায়ক পদটি গ্রেড-২০-এর, বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।

বিজ্ঞাপন

কম্পিউটার অপারেটর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে, সঙ্গে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রধান সহকারী পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে, সঙ্গে ওয়ার্ড প্রসেসিং ও ফ্যাক্স মেশিন চালনার দক্ষতা থাকতে হবে।

উচ্চমান সহকারী পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে, সঙ্গে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে একই শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে, সঙ্গে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে, সঙ্গে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক পদে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। একজন প্রার্থী শুধু একটি পদেই আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

আবেদন ফি প্রথম পাঁচটি পদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা। ষষ্ঠ পদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা। সব পদের ক্ষেত্রে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা। আবেদন জমা দেওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল থেকে SMS করে ফি জমা দিতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না।

আবেদন করতে হবে শুধু অনলাইনে, tax14.teletalk.com.bd-তে গিয়ে। প্রথম ধাপে ওয়েবসাইটে ঢুকতে হবে। পাতায় Advertisement লিংকের পাশে শেষ তারিখ ১৩ ডিসেম্বর বিকেল ৫টা লেখা থাকবে। Advertisement লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এরপর Application Form (Click here to Apply Online) লিংকে ক্লিক করতে হবে।

দ্বিতীয় ধাপে পদের তালিকা দেখা যাবে। কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক — এই ছয়টি পদের মধ্যে নিজের যোগ্যতা অনুযায়ী পদের পাশের বোতামটি বেছে নিয়ে Next চাপতে হবে। একজন প্রার্থী শুধু একটি পদেই আবেদন করতে পারবেন। মাঝখানে Premium অফারের একটি পাতা এলে No বেছে নিয়ে এগিয়ে যেতে হবে।

তৃতীয় ধাপে আবেদন ফরমটি যত্ন করে পূরণ করতে হবে। নাম, পিতা-মাতার নাম, জন্মতারিখ, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য ঠিকভাবে লিখতে হবে। আবেদন ফরমে দেওয়া তথ্যই পরবর্তী সব কাজে ব্যবহার হবে, তাই জমা দেওয়ার আগে সব তথ্য মিলিয়ে দেখতে হবে।

চতুর্থ ধাপে ফরমের বাকি অংশ পূরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার ঘরগুলোতে পরীক্ষা, বোর্ড, রোল, ফলাফল ও পাসের বছর লিখতে হবে। চাকরির অভিজ্ঞতা থাকলে তা-ও লিখতে হবে। এরপর যাচাই কোডটি (ক্যাপচা) পূরণ করে ঘোষণায় টিক দিয়ে Submit বোতামে ক্লিক করতে হবে। ছবি ও স্বাক্ষর আগেই তৈরি রাখতে হবে: রঙিন ছবি ৩০০ বাই ৩০০ পিক্সেল (সর্বোচ্চ ১০০ কিলোবাইট) ও স্বাক্ষর ৩০০ বাই ৮০ পিক্সেল (সর্বোচ্চ ৬০ কিলোবাইট)।

পঞ্চম ধাপে ফি জমা দিতে হবে। Submit করার পর কম্পিউটারের স্ক্রিনে একটি User ID দেখা যাবে। ওই User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ১৬২২২ নম্বরে প্রথম SMS পাঠাতে হবে: TAX14 লিখে একটি স্পেস দিয়ে User ID। ফিরতি SMS-এ একটি PIN নম্বর আসবে। এরপর দ্বিতীয় SMS পাঠাতে হবে: TAX14 লিখে স্পেস দিয়ে Yes, স্পেস দিয়ে PIN নম্বর। ফি জমা হলে User ID ও পাসওয়ার্ড পাওয়া যাবে, যা প্রবেশপত্র ডাউনলোডের সময় লাগবে।

সব পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় ডাক পাবেন। অফিস সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় ডাক পাবেন। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ দেওয়া হবে না।

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। কর বিভাগে চাকরিরত প্রার্থীদের আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate অপশনটি বেছে নিতে হবে। অন্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে।

মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্রের মূলকপি প্রদর্শন করে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত প্রতিটির একটি করে ফটোকপি ও সদ্য তোলা ২ কপি রঙিন ছবি দাখিল করতে হবে। কাগজপত্রের মধ্যে থাকবে সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদসহ), নিজ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে মেয়র, কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের মূল কপি এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি ও প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি। কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার সনদপত্রও সঙ্গে নিতে হবে।

পরীক্ষার সময়সূচি কর অঞ্চল-১৪, ঢাকার নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে এবং প্রার্থীদের মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে জানানো হবে। User ID ও পাসওয়ার্ড দিয়ে পরে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট নিতে হবে। আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে ফোন করে যোগাযোগ করা যাবে।

সূত্র: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৪, ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬