মার্কিন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের গণিতবিদ লেভেন্ট আলপোগে দাবি করেছেন, তিনি ক্লড এআইয়ের সহায়তায় গণিতের সবচেয়ে বিখ্যাত অমীমাংসিত সমস্যা রিমান হাইপোথিসিসের প্রমাণ পেয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) নিজের ওয়েবসাইটে চার পৃষ্ঠার নোট প্রকাশ করে তিনি লিখেছেন, ক্লডের সঙ্গে কাজ করে তিনি এই প্রমাণ আবিষ্কার করেছেন বলে বিশ্বাস করেন। তবে দাবিটি এখনো গণিতবিদদের চূড়ান্ত যাচাইয়ের অপেক্ষায় রয়েছে।
১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বের্নহার্ড রিমান এই অনুমানটি দেন। এটি মৌলিক সংখ্যা অর্থাৎ শুধু ১ ও নিজে দিয়ে ভাগ যায় এমন সংখ্যার বিন্যাস নিয়ে। রিমান দেখিয়েছিলেন, জিটা ফাংশন নামের একটি সমীকরণের ‘শূন্য’ বিন্দুগুলোর মধ্যেই মৌলিক সংখ্যার বিন্যাসের রহস্য লুকিয়ে আছে। তাঁর অনুমান অনুযায়ী, কিছু সাধারণ ক্ষেত্র বাদে সব শূন্য বিন্দু একটি নির্দিষ্ট উল্লম্ব রেখার ওপরেই থাকে। এটি সত্য হলে মৌলিক সংখ্যাগুলো প্রায় সবচেয়ে এলোমেলোভাবেই ছড়িয়ে থাকে বলে প্রমাণিত হয়।
আলপোগে প্রচলিত গবেষণাপত্রের বদলে প্রমাণটি প্রকাশ করেছেন লিন নামের প্রোগ্রামিং ভাষায়, যাতে কম্পিউটার প্রতিটি ধাপ যাচাই করতে পারে। এই কোডের পরিমাণ প্রায় ১ কোটি ৭০ লাখ লাইন। তাঁর দাবি অনুযায়ী, লিখিত আকারে পুরো প্রমাণটি আড়াই লাখ পৃষ্ঠার বেশি হবে। তিনি আরও দাবি করেছেন, একই পদ্ধতিতে এই সমস্যার বিস্তৃত সংস্করণ জেনারালাইজড রিমান হাইপোথিসিসেরও সমাধান হয়েছে।
দাবি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই এমআইটির গণিতবিদ অ্যান্ড্রু সাদারল্যান্ডসহ কয়েকজন গবেষক কোডটি ডাউনলোড করে জানান, এটি কোনো ত্রুটি ছাড়াই চলেছে। অনেক গণিতবিদ মনে করছেন, প্রমাণটি যাচাইয়ে টিকে যেতে পারে। তবে সবাই একমত নন। মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের সংখ্যাতত্ত্ববিদ অ্যান্ড্রু গ্র্যানভিল বলেছেন, প্রকাশিত নোটটি অস্পষ্ট এবং আরও পরিষ্কারভাবে লেখা উচিত ছিল। আলপোগে নিজেও স্বীকার করেছেন, প্রমাণের সব গণিত তিনি এখনো পুরোপুরি আয়ত্ত করেননি এবং পরে এটি গুছিয়ে লিখবেন।
একই দিনে এআই ছাড়া মানুষের লেখা আরেকটি প্রমাণের খসড়াও সামনে এসেছে। রোমের স্বাধীন গণিতবিদ আলেসান্দ্রো মাসুল্লো প্রায় ১২ বছর ধরে ৯৪০ পৃষ্ঠার এই খসড়া তৈরি করেছেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ ব্রায়ান কনরাড কয়েক মাস ধরে এটি পর্যালোচনা করছিলেন। এআইয়ের ঘোষণার পর তাঁরা অসমাপ্ত খসড়াটি প্রকাশের সিদ্ধান্ত নেন। এই প্রমাণটিও এখনো যাচাইয়ের অপেক্ষায়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ডস পদকজয়ী গণিতবিদ জেমস মেনার্ড বলেছেন, প্রমাণটি পুরোপুরি যাচাইয়ে টিকলে এটি হবে গণিতের ইতিহাসে একটি ঐতিহাসিক মাইলফলক। প্রমাণটি সত্য হলে রিমান হাইপোথিসিস সত্য ধরে নিয়ে তৈরি বহু গাণিতিক ফলাফল সরাসরি প্রমাণিত হয়ে যাবে। এর প্রভাব পড়তে পারে ক্রিপ্টোগ্রাফি ও কোয়ান্টাম পদার্থবিজ্ঞানসহ অন্যান্য ক্ষেত্রেও।
সূত্র: নেচার, ২০ নভেম্বর ২০২৬; সায়েন্স, ২০ নভেম্বর ২০২৬
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।