জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামীকাল ২২ নভেম্বর সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার ৭টি ইউনিটের অধীনে ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে।

ছবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাপলা পুকুর।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আসনগুলো ছাত্র ও ছাত্রীদের মধ্যে সমানভাবে ভাগ করা হয়েছে। মোট আসনের মধ্যে ছাত্রদের জন্য ৯২৪টি এবং ছাত্রীদের জন্য ৯২৪টি আসন রয়েছে। ইউনিটভিত্তিক আসন হলো এ ইউনিটে ৪২৪টি, বি ইউনিটে ৩৯৬টি, সি ইউনিটে ৪০২টি, সি-১ ইউনিটে ৬৪টি, ডি ইউনিটে ৩১৬টি, ই ইউনিটে ১৭৬টি এবং আইবিএ-জেইউতে ৭০টি।

এ ইউনিট গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি নিয়ে গঠিত। বি ইউনিটে রয়েছে সমাজবিজ্ঞান ও আইন অনুষদ। সি ইউনিটে কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। সি-১ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ। ডি ইউনিট জীববিজ্ঞান অনুষদ এবং ই ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ নিয়ে গঠিত।

আবেদনের যোগ্যতা হিসেবে প্রার্থীকে ২০২৩ বা ২০২৪ সালের মাধ্যমিক এবং ২০২৫ বা ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চতুর্থ বিষয়সহ মোট জিপিএর শর্ত ইউনিটভেদে আলাদা। এ ইউনিটে মোট জিপিএ লাগবে ৭ দশমিক ৫০, পৃথকভাবে কমপক্ষে ৩ দশমিক ৫০। ডি ইউনিটে লাগবে মোট ৮ দশমিক ০০। বি, সি, ই ও আইবিএ-জেইউ ইউনিটে শাখাভেদে মোট জিপিএ ৬ দশমিক ৫০ থেকে ৭ দশমিক ৫০ পর্যন্ত লাগবে। সি-১ ইউনিটে মোট জিপিএ লাগবে ৬ দশমিক ৫০। এছাড়া বিভাগভেদে উচ্চমাধ্যমিকে নির্দিষ্ট বিষয়ে ন্যূনতম গ্রেডের শর্ত রয়েছে। যেমন কম্পিউটার সায়েন্স ও আইটিতে গণিত ও পদার্থবিজ্ঞানে কমপক্ষে এ মাইনাস গ্রেড লাগবে।

আবেদন ফি এ, বি, সি ও ডি ইউনিটে প্রতি ইউনিট ৮০০ টাকা। ই ইউনিটে ৭০০ টাকা এবং সি-১ ইউনিট ও আইবিএ-জেইউতে প্রতি ইউনিট ৬০০ টাকা। প্রতিটি আবেদনের সঙ্গে ফির ওপর শতকরা ১ দশমিক ২ ভাগ সার্ভিস চার্জ দিতে হবে। ফি পরিশোধ করা যাবে অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।

ধাপ ১: প্রথমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে গিয়ে নিজের যোগ্যতা যাচাই করতে হবে। এরপর নিজের বা অভিভাবকের মোবাইল নম্বর নিশ্চিত করে নিবন্ধন করতে হবে। মোবাইলে পাঠানো পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখতে হবে, কারণ পরবর্তী সব কাজে এটি লাগবে। একই মোবাইল নম্বর দিয়ে একাধিক ইউনিটে আবেদন করা যাবে, তবে একই ইউনিটে দুইবার আবেদন করা যাবে না।

ধাপ ২: এরপর প্রোফাইলে গিয়ে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি হতে হবে ৩০০ বাই ৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কিলোবাইট। স্বাক্ষরের ফাইল হতে হবে সর্বোচ্চ ৬০ কিলোবাইট। দুটি ফাইলই জেপিজি বা জেপেগ ফরম্যাটে হতে হবে। ও লেভেল ও এ লেভেলের শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি আপলোড করে আবেদন করতে হবে।

ধাপ ৩: সবশেষে আবেদনযোগ্য ইউনিটের তালিকা থেকে পছন্দের ইউনিট বেছে নির্ধারিত ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে। একাধিক ইউনিটে আবেদন করতে চাইলে প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে ফি দিতে হবে। ফি পরিশোধের বিস্তারিত নিয়ম ওয়েবসাইটেই দেওয়া আছে।

প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ ডিসেম্বর থেকে। ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে ৯০ নম্বরের। মোট প্রশ্ন থাকবে ৮০টি, প্রতিটি প্রশ্নের মান ১ দশমিক ১২৫ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০ দশমিক ২০ নম্বর। পরীক্ষার সময় ৫৫ মিনিট, ওএমআর শিট পূরণের জন্য আলাদা ৫ মিনিট দেওয়া হবে। পাশ নম্বর ন্যূনতম ৪০।

চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে মোট ১০০ নম্বরের ভিত্তিতে। এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে মাধ্যমিকের জিপিএকে ০ দশমিক ৭৫ দিয়ে এবং উচ্চমাধ্যমিকের জিপিএকে ১ দশমিক ২৫ দিয়ে গুণ করে যোগ করা হবে। পরীক্ষা শেষের সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সংবাদপত্রে ফল প্রকাশ করা হবে না।

পরীক্ষার হলে প্রবেশপত্র, মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও সাধারণ বলপেন ছাড়া অন্য কিছু নেওয়া যাবে না। ক্যালকুলেটর, মোবাইল ফোন বা ঘড়ি নিয়ে প্রবেশ করা যাবে না। সময় দেখার জন্য হলে ঘড়ির ব্যবস্থা থাকবে। আবেদন, পেমেন্ট বা প্রবেশপত্র সংক্রান্ত সহায়তার জন্য সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ০১৩৪৮৩০৭০২৮, ০১৩৪৮৩০৭০২৯, ০১৩৪৮৩০৭০৩১ ও ০১৩৪৮৩০৭০৩২ নম্বরে যোগাযোগ করা যাবে।

সূত্র: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৬ নভেম্বর ২০২৬