সড়কপথে নয়, হেলিকপ্টারে চড়ে নববধূ মারজিয়া আক্তার মীমকে নিয়ে ভোলার বোরহানউদ্দিনে নিজ গ্রামে ফিরেছেন ফ্রান্স প্রবাসী শাহিন ফকির। বুধবার ঢাকা থেকে হেলিকপ্টারটি টবগী ইউনিয়নে অবতরণ করলে নবদম্পতিকে দেখতে এলাকায় ভিড় জমে।

শাহিন ফকির বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ফকিরকান্দি গ্রামের বাসিন্দা। দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে প্রবাসজীবন কাটাচ্ছেন তিনি। সম্প্রতি ঢাকায় পারিবারিক আনুষ্ঠানিকতায় তাঁর বিয়ে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

বিয়ের পর থেকেই নববধূকে হেলিকপ্টারে করে নিজ গ্রামে নিয়ে আসার ইচ্ছা ছিল শাহিনের। একই ইচ্ছা ছিল তাঁর মা-বাবারও। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, মঙ্গলবার তাঁদের আসার পরিকল্পনা ছিল।

সরকারি সফর উপলক্ষে আকাশপথে বিধিনিষেধ থাকায় মঙ্গলবার আসা সম্ভব হয়নি। এক দিন পিছিয়ে বুধবার হেলিকপ্টারটি টবগী ইউনিয়নে অবতরণ করে। হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে মানুষ ছুটে আসেন।

শাহিন ফকির জানান, বিয়ের আয়োজন সবার ক্ষেত্রেই ভিন্ন হয়, আর তিনি জীবনের এই বিশেষ মুহূর্তটি কিছুটা ব্যতিক্রমীভাবে উদ্‌যাপন করতে চেয়েছিলেন। সেই ভাবনা থেকেই ঢাকা থেকে হেলিকপ্টারে নববধূকে নিয়ে আসার আয়োজন করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামে সচরাচর হেলিকপ্টার অবতরণ করতে দেখা যায় না। তাই হেলিকপ্টারে নববধূর আগমন ঘিরে এলাকায় কৌতূহল ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

সূত্র: রাইজিংবিডি, ২৫ নভেম্বর ২০২৬; ডেইলি বাংলাদেশ, ২৫ নভেম্বর ২০২৬