ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের ১০টি এলাকায় সোমবার সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এই সরবরাহ বন্ধ রাখা হবে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে।

রোববার (২২ নভেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ধামরাই ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন (ডিআরএস)-এর মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণের কাজের জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।

বিজ্ঞাপন

গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবে ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকা। এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ নির্ধারিত সময়ে সম্পূর্ণ বন্ধ থাকবে।

সরবরাহ বন্ধ থাকার সময় সংশ্লিষ্ট এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ২২ নভেম্বর ২০২৬; আজকের পত্রিকা, ২২ নভেম্বর ২০২৬