একটোপিক গর্ভাবস্থা হলো এমন গর্ভাবস্থা, যেখানে নিষিক্ত ডিম্বাণু জরায়ুর বাইরে, সাধারণত ফ্যালোপিয়ান নালির ভেতরে বসে যায়। ফ্যালোপিয়ান নালি ডিম্বাশয় থেকে জরায়ু পর্যন্ত ডিম্বাণু বহন করে। ডিম্বাণু এই নালিতে আটকে গেলে তা থেকে শিশু জন্ম নিতে পারে না, আর গর্ভাবস্থা চলতে থাকলে মায়ের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে। দুঃখজনকভাবে এই গর্ভাবস্থা রক্ষা করা সম্ভব নয়, সাধারণত ওষুধ বা অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করতে হয়। যুক্তরাজ্যের হিসাব অনুযায়ী প্রতি ৯০টি গর্ভাবস্থার মধ্যে প্রায় একটি একটোপিক হয়।

অনেক ক্ষেত্রে একটোপিক গর্ভাবস্থার কোনো লক্ষণ থাকে না, নিয়মিত গর্ভাবস্থার স্ক্যানের সময়ই তা ধরা পড়তে পারে। লক্ষণ দেখা দিলে তা সাধারণত গর্ভাবস্থার চতুর্থ থেকে দ্বাদশ সপ্তাহের মধ্যে প্রকাশ পায়। লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাসিক বন্ধ হয়ে যাওয়া ও গর্ভাবস্থার অন্যান্য লক্ষণ, তলপেটের এক পাশে ব্যথা, যোনিপথে রক্তপাত বা বাদামি পানির মতো স্রাব, কাঁধের ডগায় ব্যথা এবং প্রস্রাব বা পায়খানার সময় অস্বস্তি। তবে এসব লক্ষণ থাকলেই যে গুরুতর সমস্যা হয়েছে, তা নয়। পেটের সাধারণ অসুখের মতো অন্য কারণেও এমন লক্ষণ দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

কেন একটোপিক গর্ভাবস্থা হয়, অনেক ক্ষেত্রেই তা স্পষ্ট নয়। কখনো ফ্যালোপিয়ান নালিতে সমস্যা থাকলে, যেমন নালি সরু বা বন্ধ থাকলে, এমনটি ঘটতে পারে। কিছু অবস্থায় এই ঝুঁকি বেড়ে যায়। এর মধ্যে রয়েছে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা প্রজননতন্ত্রের প্রদাহ, যা সাধারণত যৌনবাহিত সংক্রমণ থেকে হয়। আগে একবার একটোপিক গর্ভাবস্থা হয়ে থাকলে আবার হওয়ার ঝুঁকি প্রায় ১০ শতাংশ থাকে। ফ্যালোপিয়ান নালিতে আগের অস্ত্রোপচার, বন্ধ্যত্বের চিকিৎসা যেমন আইভিএফ, জরায়ুতে কপার টি বা হরমোনাল ডিভাইস থাকা অবস্থায় গর্ভধারণ, ধূমপান এবং বয়স ৩৫ বছরের বেশি হওয়াও ঝুঁকি বাড়ায়। একটোপিক গর্ভাবস্থা সবসময় প্রতিরোধ করা যায় না, তবে গর্ভধারণের চেষ্টা না করলে কনডম ব্যবহার করে যৌনবাহিত সংক্রমণ থেকে সুরক্ষা নেওয়া এবং ধূমপান ছাড়া ঝুঁকি কমাতে সাহায্য করে।

রোগ নির্ণয়ের জন্য চিকিৎসক প্রথমে লক্ষণ সম্পর্কে জানতে চাইবেন এবং সাধারণত গর্ভাবস্থার পরীক্ষা করতে বলবেন। প্রয়োজনে বিশেষজ্ঞ প্রারম্ভিক গর্ভাবস্থা ক্লিনিকে পাঠানো হতে পারে, যেখানে আলট্রাসাউন্ড স্ক্যান ও রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ নিশ্চিত করা হয়। চিকিৎসার প্রধান তিনটি পদ্ধতি রয়েছে। প্রথমটি হলো পর্যবেক্ষণমূলক ব্যবস্থাপনা, যেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং নিষিক্ত ডিম্বাণু নিজে থেকে বিলীন না হলে অন্য চিকিৎসা নেওয়া হয়। দ্বিতীয়টি হলো ওষুধ, যেখানে গর্ভাবস্থার বৃদ্ধি থামাতে একটি ইনজেকশন দেওয়া হয়। তৃতীয়টি হলো অস্ত্রোপচার, যেখানে সাধারণত আক্রান্ত ফ্যালোপিয়ান নালিসহ নিষিক্ত ডিম্বাণু অপসারণ করা হয়। কোন চিকিৎসা উপযুক্ত হবে, তা লক্ষণ ও পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে চিকিৎসক জানিয়ে দেবেন। কোনো ওষুধ নিজে থেকে খাওয়া বা নেওয়া উচিত নয়। গর্ভাবস্থা অন্তত ১২ সপ্তাহের হয়ে থাকলে, রক্তের গ্রুপ ডি-নেগেটিভ হলে এবং ওষুধ বা অস্ত্রোপচারের চিকিৎসা নেওয়া হলে সাধারণত অ্যান্টি-ডি ইনজেকশনের প্রস্তাব দেওয়া হয়। কিছু চিকিৎসায় ভবিষ্যতে স্বাভাবিকভাবে গর্ভধারণের সম্ভাবনা কমতে পারে, যদিও অধিকাংশ নারীই আবার গর্ভবতী হতে পারেন। এ বিষয়ে চিকিৎসকের সঙ্গে খোলামেলা কথা বলুন।

গর্ভাবস্থা হারানো মানসিকভাবে গভীর কষ্টের হতে পারে। অনেকেই পরিবারের সদস্য বা সঙ্গীকে হারানোর মতো শোক অনুভব করেন এবং এই অনুভূতি কয়েক মাস পর্যন্ত থাকতে পারে। নিজেকে ও সঙ্গীকে শোক কাটিয়ে ওঠার সময় দেওয়া জরুরি। চিকিৎসার পর আবার সন্তান নেওয়ার চেষ্টা করা যায় শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হলে। সাধারণত অন্তত দুটি মাসিক চক্র পার হওয়ার পর চেষ্টা করার পরামর্শ দেওয়া হয়। ইনজেকশনের ওষুধ নেওয়া হলে সাধারণত অন্তত তিন মাস অপেক্ষা করতে বলা হয়, কারণ এই সময়ের মধ্যে গর্ভধারণ হলে ওষুধটি শিশুর ক্ষতি করতে পারে। একবার একটোপিক গর্ভাবস্থা হওয়ার পর অধিকাংশ নারীই আবার গর্ভধারণ করতে পারেন, এমনকি একটি ফ্যালোপিয়ান নালি অপসারণ করা হলেও। আবার গর্ভবতী হলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসককে জানানো ভালো, যাতে আগেভাগে স্ক্যান করে সব ঠিক আছে কি না দেখা যায়।

কখন ডাক্তার দেখাবেন।

গর্ভবতী হতে পারেন এমন অবস্থায় ওপরের লক্ষণগুলোর যেকোনো সমন্বয় দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন, গর্ভাবস্থার পরীক্ষা পজিটিভ না হলেও। একটোপিক গর্ভাবস্থা গুরুতর হতে পারে, তাই দ্রুত পরামর্শ নেওয়া জরুরি। পেটে হঠাৎ তীব্র ব্যথা, খুব মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া, বমি ভাব এবং মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া দেখা দিলে তা ফ্যালোপিয়ান নালি ফেটে যাওয়ার লক্ষণ হতে পারে। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে যেতে হবে, কারণ দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। সময়মতো চিকিৎসা নিলে এই জটিলতা সামলানো যায়।

সূত্র: ন্যাশনাল হেলথ সার্ভিস, ২৩ আগস্ট ২০২২