সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ কথা জানিয়েছে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ছবি: শীতলক্ষ্যা নদীর ওপরে পরিষ্কার আকাশ।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ অবস্থান করছে এবং তা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি।

রাজধানী ঢাকায় আজ সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। ঢাকায় বাতাস উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বইতে পারে এবং আকাশ পরিষ্কার থাকতে পারে।

আগামীকাল শুক্রবারও সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দেশের নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত নেই। আজ ঢাকায় সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ২১ মিনিটে।

সূত্র: আবহাওয়া অধিদপ্তর, ২৬ নভেম্বর ২০২৬