বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে (বেপজা) ৩ পদে ৩৩২ জন নিয়োগের আবেদন চলছে। অনলাইনে আবেদন শুরু হয়েছে আজ ২৪ নভেম্বর সকাল ১০টায়, শেষ হবে ২৪ ডিসেম্বর বিকেল ৫টায়। অষ্টম শ্রেণি পাস প্রার্থীরাও অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন।
সবচেয়ে বেশি পদ নিরাপত্তা প্রহরী পদে ২০০টি। অফিস সহায়ক পদে ১২৯টি এবং নিরাপত্তা কর্মকর্তা পদে ৩টি পদ রয়েছে। নিরাপত্তা প্রহরী ও অফিস সহায়ক পদ দুটি গ্রেড-২০-এর, বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা। নিরাপত্তা কর্মকর্তা পদটি গ্রেড-৯-এর, বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।
নিরাপত্তা কর্মকর্তা পদে ন্যূনতম স্নাতক পাসসহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা ওয়ারেন্ট অফিসার কিংবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আবেদন করতে পারবেন। এই পদে ১ নভেম্বর ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ৫২ বছর হতে হবে।
নিরাপত্তা প্রহরী পদে বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক বা ল্যান্স কর্পোরাল বা সমমর্যাদাসম্পন্ন পদে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি, ওজন কমপক্ষে ১১০ পাউন্ড বা ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট, ওজন কমপক্ষে ১০০ পাউন্ড বা ৪৫ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি হতে হবে।
অফিস সহায়ক পদে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদে ১ নভেম্বর ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নিরাপত্তা প্রহরী পদেও বেসামরিক প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে সব আবেদন বাতিল বলে গণ্য হবে। গত ২৩ জুন ২০২৬ তারিখের বিজ্ঞপ্তির বিপরীতে যারা বিভিন্ন পদে আবেদন করেছিলেন, তারাও এই বিজ্ঞপ্তির পদগুলোতে আবেদন করতে পারবেন।
আবেদন ফি নিরাপত্তা কর্মকর্তা পদের জন্য পরীক্ষার ফি ২০০ টাকা ও সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা। নিরাপত্তা প্রহরী ও অফিস সহায়ক পদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সব পদে ফি ৫৬ টাকা। ফি অফেরতযোগ্য। আবেদন জমা দেওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল থেকে SMS করে ফি জমা দিতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না।
আবেদন করতে হবে শুধু অনলাইনে, bepza.teletalk.com.bd-তে গিয়ে। প্রথম ধাপে ওয়েবসাইটে ঢুকতে হবে। পাতায় Ongoing Circular অংশে বিজ্ঞপ্তির নম্বর ও ১৯ নভেম্বর ২০২৬ তারিখ দেখা যাবে। Circular Ref লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

দ্বিতীয় ধাপে পদের তালিকা দেখা যাবে। তিনটি পদের মধ্যে নিজের যোগ্যতা অনুযায়ী পদের পাশের বোতামটি বেছে নিয়ে Next চাপতে হবে। মাঝখানে Premium অফারের একটি পাতা এলে No বেছে নিয়ে এগিয়ে যেতে হবে।

তৃতীয় ধাপে আবেদন ফরমটি যত্ন করে পূরণ করতে হবে। নাম, পিতা-মাতার নাম, জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, ইমেইল ও অন্যান্য তথ্য ঠিকভাবে লিখতে হবে। আবেদন ফরমে দেওয়া তথ্যই পরবর্তী সব কাজে ব্যবহার হবে, তাই জমা দেওয়ার আগে সব তথ্য মিলিয়ে দেখতে হবে।

চতুর্থ ধাপে ফরমের বাকি অংশ পূরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার ঘরগুলোতে পরীক্ষা, বোর্ড, রোল, ফলাফল ও পাসের বছর লিখতে হবে। চাকরির অভিজ্ঞতা থাকলে তা-ও লিখতে হবে। নিরাপত্তা কর্মকর্তা পদের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর যাচাই কোডটি পূরণ করে ঘোষণায় টিক দিয়ে Submit বোতামে ক্লিক করতে হবে। এর পরের পাতায় ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে: রঙিন ছবি ৩০০ বাই ৩০০ পিক্সেল ও স্বাক্ষর ৩০০ বাই ৮০ পিক্সেল।

পঞ্চম ধাপে ফি জমা দিতে হবে। Submit করার পর কম্পিউটারের স্ক্রিনে একটি User ID দেখা যাবে। ওই User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ১৬২২২ নম্বরে প্রথম SMS পাঠাতে হবে: BEPZA লিখে একটি স্পেস দিয়ে User ID। ফিরতি SMS-এ একটি PIN নম্বর আসবে। এরপর দ্বিতীয় SMS পাঠাতে হবে: BEPZA লিখে স্পেস দিয়ে YES, স্পেস দিয়ে PIN নম্বর। ফি জমা হলে User ID ও পাসওয়ার্ড পাওয়া যাবে, যা প্রবেশপত্র ডাউনলোডের সময় লাগবে।

সূত্র: বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), ১৯ নভেম্বর ২০২৬
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।