পাকিস্তানে পেট্রলের দাম আবার কমেছে। তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (ওজরা) বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে পেট্রলের দাম লিটারে ৩ রুপি কমিয়ে ৩৩২ রুপি ও হাই-স্পিড ডিজেলের দাম লিটারে ৪ রুপি কমিয়ে ৩৬০ রুপি করেছে। নতুন দাম শুক্রবার, ১৩ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।

এ নিয়ে টানা অষ্টম দিনের মতো জ্বালানি তেলের দাম কমল। আট দিনে পেট্রলের দাম লিটারে প্রায় ৪৬ রুপি কমেছে। ২ নভেম্বর পেট্রলের দাম ছিল ৩৭৭.৯১ রুপি। ওজরার নতুন দৈনিক মূল্য পর্যালোচনা ব্যবস্থায় আন্তর্জাতিক বাজারের সাত দিনের গড় দামের ভিত্তিতে প্রতিদিন সকালে দাম ঠিক করা হচ্ছে।

বিজ্ঞাপন

তবে দাম কমলেও পেট্রলে লিটারে ১১৪ রুপি ও ডিজেলে ১০০ রুপি কর ও শুল্ক বহাল আছে। পেট্রোলিয়াম লেভির কারণে তেল শোধনাগারগুলোর মাসে প্রায় ১৫ বিলিয়ন রুপির ক্ষতি হচ্ছে বলে জানানো হয়েছে।

পাকিস্তানে জ্বালানির দাম কমার এই ধারা দেশটির সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর, কারণ পরিবহন খরচ কমলে নিত্যপণ্যের দামেও এর প্রভাব পড়তে পারে। তবে করের বোঝা না কমলে দাম আরও কতটা কমবে, তা আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করছে।

সূত্র: ডন, ১৩ নভেম্বর ২০২৬