আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ করে পিরোজপুরের নেছারাবাদে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা অংশ নেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, শিক্ষা, সংস্কৃতি ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনগণের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো সরাসরি জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। জেলা প্রশাসক সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

জনগণের সেবা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নেছারাবাদ উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যয়ের মধ্য দিয়ে সভাটি শেষ হয়। স্থানীয়দের মতে, জেলা প্রশাসক নিজে উপজেলায় এসে সমস্যা শোনায় প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমবে এবং দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান ত্বরান্বিত হবে।