বুধবার (১৮ নভেম্বর) একই দিনে বধূ সেজে ফেসবুকে ছবি প্রকাশ করেছেন তিন জনপ্রিয় অভিনেত্রী। বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশার বধূবেশের ছবি দেখে উচ্ছ্বসিত ভক্তরা। দিন দুয়েক আগে বধূবেশে ফটোশুট করেছেন অভিনেত্রী কেয়া পায়েলও।
বুধবার নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবিতে তাকে দেখা গেছে বিয়ের সাজে। পরনে হালকা গোলাপি ও শ্যাম্পেন রঙের মিশেলে সিল্কের শাড়ি। শাড়ির জমিনজুড়ে রয়েছে সূক্ষ্ম সোনালি জরির কাজ। ঢেউ খেলানো চুলে মানানসই ওড়না, কপালে টিকলি এবং গলায় ভারী পাথরখচিত নেকলেসের সঙ্গে ঝুমকা কানের দুলে তার সাজে ফুটে উঠেছে রাজকীয় আবহ।
একই দিনে বিয়ের সাজে দেখা গেছে মেহজাবীন চৌধুরীকেও। টুকটুকে লাল বেনারসিতে সেজেছেন তিনি। শাড়ির সঙ্গে রয়েছে সূক্ষ্ম কারুকাজের ওড়না। কপালে ছোট লাল টিপ, চোখে টানা কাজল ও ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। মাথাপট্টি, নথ, কানের দুল, চোকার হার, হাতের চুড়ি ও পায়ের নূপুরসহ সোনালি গয়নায় তার সাজে ফুটে উঠেছে ঐতিহ্য ও আভিজাত্যের ছাপ।
এদিন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকেও বিয়ের সাজে দেখা গেছে। ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি। সোনালি জরি ও ফুলেল কারুকাজ করা লালচে-কমলা শাড়ির সঙ্গে পরেছেন ফুলহাতা ব্লাউজ। খোঁপায় সাদা গোলাপ ও ছোট ছোট ফুল, হাতে আংটি-সংযুক্ত ব্রেসলেট, গলায় ভারী সোনালি নেকলেস এবং কপালে টিকলি। সব মিলিয়ে তিশার সাজেও ছিল ঐতিহ্য ও আভিজাত্যের মেলবন্ধন।
এ তালিকায় রয়েছেন অভিনেত্রী কেয়া পায়েলও। দিন দুয়েক আগে বিয়ের সাজে ফটোশুট করেছেন তিনি। ডার্ক মেরুন রঙের লেহেঙ্গা ও ব্লাউজে ধরা দিয়েছেন ক্যামেরায়।
অভিনেত্রীদের এমন বধূবেশে দেখে উচ্ছ্বসিত ভক্তরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া ও মন্তব্যের মাধ্যমে নিজেদের ভালো লাগার কথা জানাচ্ছেন তারা।
তবে হঠাৎ তারকাদের বিয়ের সাজের কারণ কী। মূলত শীতের মৌসুমকে সামনে রেখে বিভিন্ন পোশাক, মেকআপ ও প্রসাধনী প্রতিষ্ঠান বিয়ের আয়োজনকেন্দ্রিক প্রচারণা জোরদার করে। এ সময় বিয়ের অনুষ্ঠান বাড়ায় এসব প্রতিষ্ঠানের পণ্যের চাহিদাও বৃদ্ধি পায়। প্রচারণার অংশ হিসেবে তারকাদের দিয়ে বিশেষ ফটোশুট করানো হয়। মিম, মেহজাবীন ও তিশার বিয়ের সাজও মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের এমন প্রচারণার অংশ।
উল্লেখ্য, এই চার অভিনেত্রীর মধ্যে কেবল কেয়া পায়েল এখনো বিয়ে করেননি। বাকি তিনজনই বিবাহিত। বিদ্যা সিনহা মিমের স্বামী সনি পোদ্দার, মেহজাবীনের জীবনসঙ্গী নির্মাতা আদনান আল রাজীব এবং তিশার স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
সূত্র: বাংলা মেইল, ১৯ নভেম্বর ২০২৬
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।