ছোট পর্দার অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় সামাজিক মতে বিয়ে করেছেন দিশা দাসকে। বুধবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার আমতলায় পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাঙালি রীতি মেনে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

আইনি বিয়ের ঠিক দুই বছর পর একই তারিখে সামাজিক বিয়ে করেছেন এই জুটি। ২০২৪ সালের ২৫ নভেম্বর সই করে আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা। এবার সেই একই দিনে অগ্নিসাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়লেন দুজনে।

বিজ্ঞাপন

বিয়ের আসরে বাঙালি রীতি অনুযায়ী শুভদৃষ্টি ও মালাবদল সম্পন্ন হয়। দুই বাড়ি মিলিয়ে যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আলাদা করে প্রীতিভোজের আয়োজন করা হবে না বলে আগেই জানিয়েছিলেন ঋত্বিক। বাংলা বিনোদন জগতের কয়েকজন পরিচিত মুখও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিয়ের সাজে বর-কনে দুজনেই বেছে নিয়েছিলেন সাবেক বাঙালি সাজ। ঋত্বিকের পরনে ছিল লাল পাঞ্জাবি ও ঘিয়ে রঙের ধুতি, দিশা সেজেছিলেন লাল বেনারসিতে। খাবারের তালিকায় ছিল কাবাব, কচি পাঁঠার মাংস, চিংড়ির পদ, চাটনি ও মিষ্টি।

২০২৩ সালে একটি অনুষ্ঠানে ঋত্বিক ও দিশার প্রথম আলাপ হয়। সেখান থেকে বন্ধুত্ব গড়ে ওঠে, পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। প্রায় তিন বছরের সম্পর্কের পর সামাজিক মতে বিয়ের পিঁড়িতে বসলেন তাঁরা। দিশা পেশায় একজন ইনফ্লুয়েন্সার।

‘এই পথ যদি না শেষ হয়’ ও ‘আনন্দী’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন ঋত্বিক। ‘আনন্দী’ শেষ হওয়ার পর নতুন কোনো ধারাবাহিকে তাঁকে দেখা যায়নি। সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি, নতুন কাজ নিয়েও কথাবার্তা চলছে বলে জানিয়েছেন অভিনেতা।

সূত্র: আনন্দবাজার, ২৫ নভেম্বর ২০২৬; টিভি৯ বাংলা, ২৬ নভেম্বর ২০২৬