সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা, আইনি সুরক্ষা ও কর্মক্ষেত্রে অধিকার নিশ্চিত করতে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে সরকার। সোমবার (২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এই নির্দেশনাসংবলিত বার্তা প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন।
সৌদি আরব যাওয়ার আগে প্রথম ধাপ হলো যাচাই। ভিসা, নিয়োগকর্তা ও নিয়োগচুক্তি ভালোভাবে যাচাই করে তারপর যাওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। বিএমইটি ছাড়পত্র, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হবে। পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিজের হেফাজতে রাখতে হবে। দালালের মৌখিক আশ্বাসে টাকা দেওয়া যাবে না এবং ভিজিট ভিসায় কাজের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সৌদিতে পৌঁছানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজ হলো ইকামা। প্রবাসীদের সব সময় ইকামা সঙ্গে রাখতে এবং Absher অ্যাপের মাধ্যমে এর মেয়াদ নিয়মিত যাচাই করতে বলা হয়েছে। QIWA প্ল্যাটফর্মে নিয়োগচুক্তি ও ওয়ার্ক পারমিটের তথ্যও পরীক্ষা করতে হবে। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগে নবায়ন বা পুনরায় ইস্যুর ব্যবস্থা করতে বলা হয়েছে। একটি বিষয় স্পষ্ট করে জানিয়েছে মন্ত্রণালয়—ইকামা নবায়নের দায়িত্ব নিয়োগকর্তার, এ জন্য কাউকে আলাদা করে টাকা দেওয়া উচিত নয়।
বেতন ও অধিকারের বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, নিয়োগচুক্তির কপি এবং কাজের প্রমাণ সংরক্ষণ করতে হবে। বেতন ব্যাংকিং চ্যানেলে গ্রহণ করে লেনদেনের স্টেটমেন্ট রেখে দিতে হবে, যাতে পরে কোনো বিরোধ হলে প্রমাণ দেখানো যায়। কর্মক্ষেত্রে কোনো সমস্যা হলে মকতব আমল ১৯৯১১ নম্বরে অথবা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। ‘স্কিল ভিসা’ বা নিজ নিয়োগকর্তার বাইরে কাজ করা যাবে না।
চাকরি পরিবর্তন ও দেশে ফেরার নিয়মও জানিয়েছে মন্ত্রণালয়। চাকরি পরিবর্তনের ক্ষেত্রে QIWA প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধভাবে ট্রান্সফার সম্পন্ন করতে হবে। দেশে ফেরার আগে জরিমানা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আছে কি না, তা যাচাই করতে হবে। ফেরার আগে মোবাইল সিম ও অ্যাকাউন্ট বন্ধ করার কথা বলা হয়েছে। ৪০ হাজার রিয়াল বা তার বেশি নগদ অর্থ কিংবা সোনা সঙ্গে থাকলে কাস্টমসে ঘোষণা করতে হবে। Final Exit ভিসার নির্ধারিত মেয়াদ অতিক্রম করা যাবে না এবং অনুমোদন পাওয়ার আগে নতুন কাজে যোগ দেওয়া যাবে না।
দৈনন্দিন জীবনেও সতর্ক থাকতে বলা হয়েছে। সড়কে চলাচলে ট্রাফিক আইন মেনে চলতে হবে; জরুরি সেবার জন্য ৯১১ ও ৯৯৯ এবং অ্যাম্বুলেন্সের জন্য ৯৯৭ নম্বরে যোগাযোগ করতে হবে। ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরাসরি রোদে কাজ না করার নির্দেশনা রয়েছে। খাবার বা ওষুধের ব্যবসা করতে হলে সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষের (SFDA) অনুমতি নিতে হবে। জরুরি প্রয়োজনে প্রবাসবন্ধু কল সেন্টার ১৬১৩৫ নম্বরেও যোগাযোগ করা যাবে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।