প্রধানমন্ত্রী তারেক রহমান সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ মঙ্গলবার সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন। সেখানে তিনি তিন বাহিনীর বিশেষায়িত সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য চূড়ান্ত সামরিক অনুশীলন প্রত্যক্ষ করবেন। এই প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপ পরিদর্শনে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে যাবেন। সেখানে তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন। এই বিশেষ সামরিক অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।

বিজ্ঞাপন

সফরকালে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করবেন। পাশাপাশি অনুশীলনস্থল ঘুরে দেখার সাথে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড স্বর্ণদ্বীপ। স্থানীয়ভাবে এটি ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে নিয়মিত প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। গত এক যুগেরও বেশি সময় ধরে সেখানে সেনাবাহিনীর নিজস্ব মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর যৌথ অনুশীলন হলেও তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে এমন মহড়া এবং সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতি এটিই প্রথম।

ছবি: স্বর্ণদ্বীপে সামরিক মহড়ার দৃশ্য।

সূত্র: প্রথম আলো, ২৪ নভেম্বর ২০২৬