শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে প্রেমের গুঞ্জনের মধ্যে খান পরিবারকে নিজের পরিবারের মতো বলেছেন ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসি। ভারতীয় সংবাদমাধ্যম বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরিয়ানের প্রশংসা করেছেন বলে কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে।

লারিসা বলেন, ‘খান পরিবার আমার কাছে পরিবারের মতো। জীবনে তাঁরা যা অর্জন করেছেন, তার জন্য তাঁদের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান রয়েছে। মানুষ হিসেবেও তাঁরা ভীষণ ভালো। তাঁদের সমর্থন আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুত্বই সবকিছু, আর এই বন্ধুত্ব জীবনের দীর্ঘ পথ চলতে সাহায্য করে।’

বিজ্ঞাপন

আরিয়ানের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি লারিসা। তবে আরিয়ানকে বুদ্ধিমান ও দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে তিনি বলেন, অনেকে বলেন আরিয়ানের তো সবকিছুই রয়েছে, কিন্তু তিনি নিজের ভবিষ্যৎ ও বিশ্বাসের জায়গার জন্য লড়াই করছেন এবং নিজের লক্ষ্যে পৌঁছবেন।

শাহরুখ খানের প্রতিও মুগ্ধতার কথা জানিয়েছেন লারিসা। তাঁকে কিংবদন্তি উল্লেখ করে তিনি বলেন, শাহরুখ চিরকাল এক নম্বরে থাকবেন এবং তাঁর কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে। ভবিষ্যতে আরিয়ানের পরিচালনায় কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

৩১ বছর বয়সী লারিসা বোনেসি ১৬ বছর আগে ব্রাজিল থেকে ভারতে আসেন। তিনি ‘গো গোয়া গন’, ‘থিক্কা’, ‘রকেট রাজা’ ও ‘ঘাটি’ সিনেমায় অভিনয় করেছেন।

২০২৪ সাল থেকে আরিয়ানের সঙ্গে লারিসার নাম জড়াতে শুরু করে। আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে লারিসাকে খান পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায়। তবে দুজনের কেউই এখন পর্যন্ত এই গুঞ্জনের সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেননি।

সূত্র: কালের কণ্ঠ, ২৭ নভেম্বর ২০২৬