সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে পিরোজপুরে। বৃহস্পতিবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাছিম আলী। সঞ্চালনা করেন ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম। বক্তারা বলেন, হত্যা, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ এবং দুর্নীতি, অপশাসন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আলোচনায় অংশ নেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আহমেদ শহিদুল হক চান, জেলা বিএনপির সদস্য সচিব এসএম সাইদুল ইসলাম কিসমত, এনসিপির সদস্য সচিব মাইনুল আহসান মুন্না, ইসলামিক ফাউন্ডেশনের সদস্য ড. আবদুল হি মাহমুদ, পিডিএফের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্না, মহিলা পরিষদের সম্পাদক খালেদা আখতার হেনা, সাবেক উপাধ্যক্ষ মো. লুৎফর রহমানসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

বক্তারা আরও বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করা জরুরি। এ জন্য রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের যৌথ উদ্যোগ দরকার।

সুজনের মূলমন্ত্র: ‘আমরা চাই হত্যা, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ; আমরা চাই দুর্নীতি, অপশাসন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি।’ এই মূলমন্ত্রকে সামনে রেখেই সংগঠনটি দীর্ঘদিন ধরে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে বলে বক্তারা জানান।

সূত্র: ডেইলি বেস্ট নিউজ — https://thedailybestnews.com/country/sujan-observes-24th-anniversary-in-pirojpur-with-calls-for-a-humane-violence-fre-mwdi11ul