সিফিলিস একটি ব্যাকটেরিয়াজনিত যৌনবাহিত সংক্রমণ (এসটিআই), যা Treponema pallidum নামের ব্যাকটেরিয়া দিয়ে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, ২০২২ সালে ১৫ থেকে ৪৯ বছর বয়সী প্রায় ৮০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ সিফিলিসে আক্রান্ত হয়েছিলেন। সুখবর হলো, এই রোগ প্রতিরোধযোগ্য এবং সম্পূর্ণ নিরাময়যোগ্য।
সিফিলিসের সবচেয়ে বিপজ্জনক দিক হলো, অনেকেরই কোনো লক্ষণ থাকে না, অথবা লক্ষণ এত হালকা হয় যে চোখে পড়ে না। তাই কেউ না জেনেই সংক্রমণটি বহন করতে পারেন এবং অন্যকে সংক্রমিত করতে পারেন। সংক্রমণ সাধারণত মুখ, যোনি বা পায়ুপথের যৌনমিলনের সময়, গর্ভাবস্থায় মা থেকে শিশুর দেহে এবং রক্ত সঞ্চালনের মাধ্যমে ছড়ায়।
সিফিলিস কয়েকটি ধাপে এগোয়। প্রথম ধাপে সাধারণত সংক্রমণের প্রায় ২১ দিন পর যৌনাঙ্গ, পায়ুপথ বা শরীরের অন্য কোথাও একটি গোল, ব্যথাহীন, শক্ত ঘা দেখা দেয়। একে চ্যাংকার বলা হয়। এই ঘা অনেক সময় চোখে পড়ে না এবং ৩ থেকে ১০ দিনের মধ্যে সেরে যায়। কিন্তু চিকিৎসা না করালে রোগ দ্বিতীয় ধাপে যায়।
দ্বিতীয় ধাপে সাধারণত হাতের তালু ও পায়ের তলায় চুলকানিহীন ফুসকুড়ি দেখা দেয়। যৌনাঙ্গ বা পায়ুপথের মতো উষ্ণ ও আর্দ্র জায়গায় সাদা বা ধূসর ক্ষত দেখা দিতে পারে। জ্বর, মাথাব্যথা, ক্লান্তি, গলা ব্যথা বা চুল পড়ার মতো ফ্লুর মতো লক্ষণও থাকতে পারে। এই লক্ষণগুলো চিকিৎসা ছাড়াই চলে যেতে পারে, কিন্তু সংক্রমণ শরীরে থেকে যায়।
এরপর আসে সুপ্ত ধাপ, যেখানে সাধারণত কোনো লক্ষণ থাকে না। বছরের পর বছর চিকিৎসা না হলে রোগ তৃতীয় ধাপে পৌঁছায়, যা মস্তিষ্ক, হৃদপিণ্ড, রক্তনালি, চোখ, হাড় ও স্নায়ুর মারাত্মক ক্ষতি করতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে। তাই লক্ষণ চলে গেলেই রোগ সেরে গেছে, এমন ভাবা ভুল।
গর্ভাবস্থায় সিফিলিস বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। চিকিৎসা না করালে বা দেরিতে চিকিৎসা করলে ৫০ থেকে ৮০ শতাংশ ক্ষেত্রে গর্ভের শিশুর ক্ষতি হয়, যেমন মৃত শিশুর জন্ম, নবজাতকের মৃত্যু বা সিফিলিস নিয়ে শিশুর জন্ম। এ কারণে গর্ভবতী নারীদের প্রথম প্রসবপূর্ব পরীক্ষাতেই সিফিলিস পরীক্ষা করাতে বলা হয়।
সিফিলিস নির্ণয় করা হয় রক্ত পরীক্ষা এবং প্রয়োজনে ঘা থেকে নমুনা নিয়ে। দ্রুত পরীক্ষায় কয়েক মিনিটেই ফল পাওয়া যায়, ফলে একই দিনে চিকিৎসা শুরু করা যায়। সিফিলিসের চিকিৎসা ডাক্তারের দেওয়া অ্যান্টিবায়োটিক দিয়ে হয়, সাধারণত ইনজেকশনের মাধ্যমে। রোগের ধাপ অনুযায়ী কত ডোজ লাগবে, তা ডাক্তার ঠিক করেন। নিজে থেকে কোনো ওষুধ খাওয়া উচিত নয়।
প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো যৌনমিলনের সময় সঠিকভাবে ও নিয়মিত কনডম ব্যবহার করা। যাঁরা বেশি ঝুঁকিতে আছেন, তাঁদের বছরে অন্তত একবার পরীক্ষা করানো উচিত। সিফিলিস ধরা পড়লে যৌনসঙ্গীকেও পরীক্ষা ও চিকিৎসা করাতে জানানো জরুরি।
কখন ডাক্তার দেখাবেন
যৌনাঙ্গ, মুখ বা পায়ুপথের আশপাশে ব্যথাহীন ঘা বা ফুসকুড়ি দেখা দিলে, হাতের তালু বা পায়ের তলায় চুলকানিহীন ফুসকুড়ি দেখা দিলে, অথবা আপনার যৌনসঙ্গী জানালে যে তাঁর সিফিলিস বা অন্য কোনো যৌনবাহিত সংক্রমণ ধরা পড়েছে, তাহলে দেরি না করে যৌনস্বাস্থ্য ক্লিনিক বা ডাক্তারের কাছে যান। কনডম ছাড়া নতুন সঙ্গীর সঙ্গে যৌনমিলন করে থাকলে, গর্ভবতী হলে বা গর্ভধারণের পরিকল্পনা থাকলে এবং সিফিলিসের আশঙ্কা থাকলে পরীক্ষা করানো উচিত। মনে রাখবেন, শুধু পরীক্ষার মাধ্যমেই সিফিলিস নিশ্চিত করা যায় এবং যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে, তত ভালো।
সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ২৯ মে ২০২৫
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।