ক্ল্যামাইডিয়া একটি যৌনবাহিত সংক্রমণ, যা কনডম ছাড়া যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়। এর চিকিৎসা অ্যান্টিবায়োটিক দিয়ে করা যায়, তবে চিকিৎসা না করালে গুরুতর সমস্যা হতে পারে। এনএইচএসের তথ্য অনুযায়ী, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এর কোনো লক্ষণই দেখা যায় না।

লক্ষণ দেখা দিলে তা সংক্রমণের ১ সপ্তাহ থেকে কয়েক মাস পরে শুরু হতে পারে। নারীদের ক্ষেত্রে ভিন্ন ধরনের স্রাব, যৌন সম্পর্কের পর বা দুই মাসিকের মাঝে রক্তপাত, প্রস্রাবে জ্বালাপোড়া ও তলপেটে ব্যথা হতে পারে। পুরুষদের ক্ষেত্রে লিঙ্গ থেকে সাদা, ঘোলাটে বা পানির মতো স্রাব, অণ্ডকোষ ও লিঙ্গের চারপাশে জ্বালাপোড়া ও চুলকানি, অণ্ডকোষে ব্যথা ও ফোলা এবং প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। মলদ্বারে ব্যথা বা স্রাব, গলা ব্যথা ও চোখ লাল হওয়াও হতে পারে।

বিজ্ঞাপন

ক্ল্যামাইডিয়ার পরীক্ষা সহজ ও ব্যথাহীন। প্রস্রাবের নমুনা দিতে হয় অথবা সোয়াব দিয়ে নমুনা সংগ্রহ করা হয়, যা অনেক সময় নিজেই করা যায়। লক্ষণ না থাকলেও পরীক্ষা করানো যায়। ঘরে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর কিটও রয়েছে। সংক্রমণ ধরা পড়লে চিকিৎসক অ্যান্টিবায়োটিক দেন—একবারের ডোজ অথবা ৭ থেকে ১৪ দিনের ট্যাবলেট। কোর্স অবশ্যই শেষ করতে হবে।

সংক্রমণ ধরা পড়লে বর্তমান ও সাম্প্রতিক সঙ্গীদেরও পরীক্ষা করাতে হবে। চিকিৎসা শেষ ও পরীক্ষায় সংক্রমণমুক্ত না হওয়া পর্যন্ত যৌন সম্পর্ক থেকে বিরত থাকুন। গর্ভবতী হলে চিকিৎসার ৪ সপ্তাহ পর আবার পরীক্ষা করা হয়।

চিকিৎসা না করালে সংক্রমণ জরায়ু, ডিম্বনালি ও ডিম্বাশয়ে ছড়িয়ে বন্ধ্যাত্ব বা জরায়ুর বাইরে গর্ভধারণের ঝুঁকি তৈরি করতে পারে। পুরুষদের অণ্ডকোষে সংক্রমণ ও গাঁটে ব্যথা হতে পারে। গর্ভাবস্থায় চিকিৎসা না করালে প্রসবের সময় শিশুর চোখে বা ফুসফুসে সংক্রমণ হতে পারে।

কখন ডাক্তার দেখাবেন: আপনি বা আপনার সঙ্গীর ক্ল্যামাইডিয়া হয়েছে বলে মনে হলে, কনডম ছাড়া যৌন সম্পর্ক হলে, অথবা গর্ভবতী বা গর্ভধারণের পরিকল্পনা করছেন এবং সংক্রমণের আশঙ্কা থাকলে যৌনস্বাস্থ্য ক্লিনিক বা চিকিৎসকের কাছে যান। প্রতিবার সঠিকভাবে কনডম ব্যবহার করলে এই সংক্রমণ থেকে অনেকাংশে সুরক্ষা পাওয়া যায়।

সূত্র: এনএইচএস, ২৪ অক্টোবর ২০২৪