কিশোর বয়স শারীরিক, আবেগগত ও সামাজিক পরিবর্তনের সময়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, বিশ্বে ১০ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে প্রতি ৭ জনে ১ জন (১৪.৩ শতাংশ) মানসিক সমস্যায় ভোগে, যা এই বয়সীদের মোট রোগের বোঝার ১৫ শতাংশ। উদ্বেগ, বিষণ্ণতা ও আচরণগত সমস্যা এই বয়সে অসুস্থতা ও অক্ষমতার প্রধান কারণগুলোর মধ্যে আছে।

উদ্বেগ এই বয়সে সবচেয়ে সাধারণ মানসিক সমস্যা। ১০ থেকে ১৪ বছর বয়সীদের মধ্যে ৪.১ শতাংশ ও ১৫ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে ৫.৩ শতাংশ উদ্বেগজনিত সমস্যায় ভোগে। বিষণ্ণতা দেখা যায় ১০ থেকে ১৪ বছর বয়সীদের ১.৩ শতাংশ ও ১৫ থেকে ১৯ বছর বয়সীদের ৩.৪ শতাংশের মধ্যে। লক্ষণগুলো হলো: অতিরিক্ত দুশ্চিন্তা, মেজাজের হঠাৎ পরিবর্তন, ঘুমের সমস্যা, স্কুলে যেতে অনীহা, পড়াশোনায় মন না বসা, বন্ধুদের থেকে দূরে সরে যাওয়া, বা আগে ভালো লাগত এমন কাজে আগ্রহ হারানো।

বিজ্ঞাপন

কিশোর বয়সে মানসিক সমস্যার কারণ অনেক: দারিদ্র্য, নির্যাতন বা সহিংসতার শিকার হওয়া, উত্যক্তের শিকার হওয়া, পরিবারের কঠোর আচরণ, সঙ্গীদের চাপ, সামাজিক মাধ্যমে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা, আর পারিবারিক ও সামাজিক পরিবেশ। এসব থেকে রক্ষা পেতে সাহায্য করে নিয়মিত ঘুম, ব্যায়াম, আবেগ সামলানোর দক্ষতা, আর পরিবার, স্কুল ও সমাজের সহায়ক পরিবেশ।

সাহায্য পাওয়া যায়: বিশ্বস্ত কাউকে — বাবা-মা, শিক্ষক বা বন্ধুকে — মনের কথা বলা; স্কুলের কাউন্সেলরের সঙ্গে কথা বলা; ডাক্তারের কাছে যাওয়া। মানসিক সমস্যা নিয়ে কথা বলা দুর্বলতা নয়, সাহসের কাজ। আত্মহত্যা ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ — তাই মনের কষ্টকে হালকাভাবে নেওয়া যাবে না।

কখন ডাক্তার দেখাবেন: দুই সপ্তাহের বেশি সময় ধরে মন খারাপ, উদ্বেগ বা ঘুমের সমস্যা থাকলে, স্কুলে যাওয়া ও পড়াশোনা ব্যাহত হলে, নিজেকে আঘাত করার ইচ্ছা হলে বা আত্মহত্যার চিন্তা এলে দ্রুত ডাক্তার বা মানসিক স্বাস্থ্য পেশাদারের কাছে যান। নিজে থেকে কোনো ওষুধ খাওয়া যাবে না।

সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ১ সেপ্টেম্বর ২০২৫